সাতকানিয়ায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুছ (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা রবিচাঁন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইউনুছ উত্তর ছদাহা রবিচাঁন পাড়ার ফজল করিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা জানা, গতকাল সকালে ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ছদাহা রবিচাঁন পাড়ার মো. শফি ও মো. পেঠানের বিরোধপূর্ণ জায়গার পরিমাপ চলছিল। ওই জমির পাশে একই এলাকার মো. ইউনুছ ও নুর আহমদের বিরোধীয় জমি রয়েছে। ফলে ইউনুছ এবং নুর আহমদও সেখানে উপস্থিত ছিল। এসময় জমির সীমানা পরিমাপের ফিতা বসানোকে কেন্দ্র করে ইউনুছ এবং নুর আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আহমদ মো. ইউনুছকে মারধর করে। পরে ইউনুছ বাড়িতে ফিরে যায়। পরবর্তীতে ইউনুছ অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ইউনুছের ছোট ছেলে মো. জোবায়ের জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নূর আহমদ গংদের হামলায় আমার বাবার মৃত্যু হয়েছে। বেশ কয়েক বছর আগেও তারা আমার বাবাকে মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। আমি বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানতে পেরেছি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মো. ইউনুছের মৃত্যুর আসল কারণ জানা যাবে।












