চট্টগ্রামের মীরসরাই উপকূলে প্রতিষ্ঠা হওয়া দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সড়ক ও সেতু নির্মাণে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের (প্যাকেজ নম্বর ডব্লিউডি–২৩) পূর্তকাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি সরকারি অর্থ ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ কাজে ভ্যাট ও করসহ মোট ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা।
অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে তিনটি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা ‘মনিকো লিমিটেড, ঢাকা’কে কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্যাকেজটির আওতায় মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে আট কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ৩৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে। পরিকল্পনা কমিশন চলতি বছরের ১৯ জানুয়ারি প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।












