নগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাককিতণ্ডা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বাকবিতণ্ডা হয়।
জানা গেছে, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের অনেকে হাতাহাতি হয়েছে বলেও জানান। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন মালিকরা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সড়কের যানবাহন চলাচল। অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়।
এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন সাংবাদিকদের বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আমরা কর্মসূচির ডাক দিয়েছিলাম। কর্মসূচির শেষের দিকে হঠাৎ বিএনপির একদল নেতাকর্মী আমাদের চারপাশ ঘিরে রাখে। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে–হিঁচড়ে বের করার চেষ্টা করেন। বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হন। আরিফের দাবি, বিএনপি নেতা শাহেদ বঙ নেতাকর্মীদের নিয়ে চড়াও হন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বঙ সাংবাদিকদের বলেন, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তাই আমি এনসিপির নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করি। পরে আমি দুই গ্রুপকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এসময় কোনো এনসিপি নেতাকর্মীর ওপর চড়াও হয়নি আমাদের কেউ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুপক্ষের মাঝে কথা কাটাকাটির সূত্র ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দেয়।












