দুই চোর গ্রেপ্তার, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

বিশ্ব কলোনিতে চুরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:০৭ পূর্বাহ্ণ

নগরের বিশ্ব কলোনিতে সংঘটিত চুরির ঘটনার সাত দিনের মাথায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরিকৃত ১০ ভরি স্বর্ণালংকার। ধৃতরা হলেন মাহে আলম প্রকাশ শাহ আলম বেলাল (৩০) ও মো. মনির হোসেন (২৮)

গত সোমবার পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেলাল ও মনিরের বাড়ি ভোলায়। এর মধ্যে বেলালের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে ১২টি মামলা আছে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই বিশ্ব কলোনি কেব্লকের বাসিন্দা উর্মিলা আক্তার উর্মির বাসায় বিকেল পৌনে ৬টা থেকে ৭টার মধ্যে চুরির ঘটনা ঘটে। চোরের দল তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুইটি চুড়ি, ছয় জোড়া কানের দুল ও ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ চার হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ২৪ জুলাই আকবর শাহ থানায় মামলা করেন উর্মি।

সিএমপির উপ পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, মামলা রুজুর পর পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে বেলাল ও মনিরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, স্বীকারোক্তি মোতাবেক বেলাল ও মনিরের হেফাজত থেকে ও তাদের দেয়া তথ্য ও শনাক্ত মতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চুরিকৃত ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল ও ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-সিলেট রুটে যেভাবে চলছে ট্রেন
পরবর্তী নিবন্ধএকজন বরাত চৌধুরীর মানবিকতা, রক্ষা পেল আটকে পড়া দুটি কুকুর