সীতাকুণ্ডের মহাসড়ক থেকে আরাফাত হোসেন জিসান (২৪) নামের এক আন্ত:জেলা রোড ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে কুমিরা হাইওয়ে থানার টহল পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে সীতাকুণ্ড উপজেলা পৌরসভাস্থ এলাকার নুনা ছড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নুরুল আফসার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনা ছড়া এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে তাদের ব্যবহৃত পিকআপসহ এক ডাকাতকে আটক করা হয়।
আর বাকি অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে আটককৃত ডাকাত ও পিকআপসহ আমরা সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করেছি। এদিকে বিষয়টি জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্ত:জেলা এক রোড ডাকাত দলের সদস্যকে নুনা ছড়া এলাকার মহাসড়ক থেকে গ্রেফতার করেছে কুমিরা হাইওয়ে ফাঁড়ির টহল পুলিশ। পরে তাকে সীতাকুণ্ড থানায় ওই ডাকাতকে সোপর্দ করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।












