বাঁশখালী উপজেলার সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মানবিক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত কাথারিয়া মজিদিয়া রশিদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পানিবাহিত রোগ, চর্মরোগ, সর্দি–জ্বর ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে। সুশৃঙ্খলভাবে সেবা প্রদানের লক্ষ্যে পূর্ব নিবন্ধনের ভিত্তিতে রোগীদের সেবা দেওয়া হয়। ক্যাম্পে চর্ম, মেডিসিন, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞসহ মোট দশজন অভিজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ডা. মো. তাজরিয়ান বুলবুল, ডা. সুফিয়ান, ডা. মাসুদ, ডা. অভিজিৎ বড়ুয়া, ডা. আরবি আফাজ, ডা. জাকারিয়া, ডা. আবু সালেহ, ডা. মোহাম্মদ জোবাইর এবং গাইনি ও প্রসূতি বিভাগে ডা. ফারজানা পপি। চিকিৎসকদের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে চর্মরোগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি ছিল, পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি–জ্বরজনিত সমস্যাও লক্ষ্য করা যায়। এছাড়া মেডিসিন ও গাইনি বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী সেবা গ্রহণ করেন। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ১১০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। সেবা প্রদান শেষে প্রতিক্রিয়া জানিয়ে ডা. মো. তাজরিয়ান বুলবুল বলেন, আবাম ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হয়েছে, যা তাঁদের জন্য সন্তোষজনক অভিজ্ঞতা। চিকিৎসা ক্যাম্পটিতে আবাম ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারিসহ স্থানীয় স্কুল শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন এবং এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এই আয়োজন বাস্তবায়নে আবাম ফাউন্ডেশনের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর অন্যান্য স্বেচ্ছাসেবকরা মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।









