কমনওয়েলথ গেমসে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে প্রথমবার অংশ নিয়েই নিজের হিটে সবার আগে শেষ করে নজর কাড়েন বাংলাদেশি সাঁতারু কাজল মিয়া। শনিবার অনুষ্ঠিত প্রিলিমিনারি হিটে তিন প্রতিযোগীর লড়াইয়ে শুরু থেকেই নিয়ন্ত্রিত সাঁতার উপহার দেন কাজল। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথম হিসেবে দেয়াল স্পর্শ করেন তিনি। হিটে কাজলের হ্যান্ড টাইমিং ছিল ৪ মিনিট ৬.৫০ সেকেন্ড। তবে গেমসের অফিসিয়াল টাইমিংয়ে তার সময় ধরা হয় ৪ মিনিট ১৪.৬৯ সেকেন্ড। সব হিটের ফলাফল একত্রে বিবেচনায় ২৭ জন প্রতিযোগীর মধ্যে কাজল মিয়ার অবস্থান হয় ২১তম। ফলে ফাইনালে জায়গা করে নেওয়া সম্ভব হয়নি।










