বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে এসেই সকলের নজড়ে পড়েছে আফ্রিকান দেশ কেপ ভার্দের পারফরমেন্সে। দলের এই স্বপ্নের অভিষেকের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপ শেষে তাকে নিয়ে ফুটবল দুনিয়ায় হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় চিলিয়ান ক্লাব কোলো কোলো ভোজিনহার সাথে চুক্তি সম্পন্ন করেছে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এ সম্পর্কে ক্লাব সভাপতি আনিবাল মোসা বলেছেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই সে চিলিতে এসে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর তাকে মনুমেন্টাল স্টেডিয়ামে সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হবে।’ স্পেনের সাথে ভোজিনহার দূরন্ত পারফরমেন্সে কেপ ভার্দে গোলশুন্য ড্র করে। নক আউট পর্বে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩–২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল শেভাস থেকে চিলিতে পাড়ি জমিয়েছেন ভোজিনহা যার পুরো নাম জোসিমার হোসে ইভোরা দিয়াস। ২৬ বছরের আগ পর্যন্ত তিনি পেশাদার কোন ক্লাবের সাথে চুক্তি করতে পারেননি। অভিজ্ঞ এই গোলরক্ষক খেলেছেন সাইপ্রাস, স্লোভাকিয়া, মলডোভা ও এ্যাঙ্গোলার বিভিন্ন ক্লাবে। মোসা আরও বলেন, ‘সে দুর্দান্ত ফর্মে আছে। এ কারণেই তার সাথে আমরা চুক্তি করেছি।’











