সামপ্রতিক ভারী বর্ষণে সড়ক ধসে চরম দুর্ভোগে পড়েছেন রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম নোয়াগাঁও, জমজমনগর, রশীদ আহমদ বাড়ি ও কাদেরনগর এলাকার শত শত পরিবার। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সড়কের একাধিক স্থান ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বিশালাকার গর্তের। সেই সাথে ডংছড়ি ছড়ার ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে পানির স্রোতে ভেসে যাওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
জরাজীর্ণ ও ধসে পড়া এই সড়কটির দ্রুত সংস্কার ও ব্রিজিং–কালভার্ট নির্মাণের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত রশীদ আহমদ বাড়ীর সংলগ্ন সড়কে সর্বস্তরের ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মধ্যম নোয়াগাঁও ১ নম্বর ওয়ার্ডের হাজী রশীদ আহমদ বাড়ী মুহাম্মাদিয়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব–পশ্চিমের প্রায় ১,৮৫০ ফুট দীর্ঘ (প্রস্থ ১২ ফুট) এবং উত্তর–দক্ষিণের ২৫০ ফুট দীর্ঘ (প্রস্থ ১০ ফুট) কাঁচা সড়কটি দীর্ঘ ১৮ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসক ও প্রশাসনের নিকট সড়কটি সংস্কার, ১টি ব্রিজ এবং ২টি কালভার্ট নির্মাণের জন্য লিখিত আবেদন জানান। কিন্তু দীর্ঘদিনেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সামপ্রতিক বর্ষণে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
রাঙ্গুনিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন্ত মোহাম্মদ রিয়াজ, মোঃ ইলিয়াস সৌদাগর, মোহাম্মদ ফয়েজ, মোঃ নুরুল আলম, মোঃ হিরণ, মোহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম আলমগীর, মোহাম্মদ আব্দুস সাত্তার, মোঃ রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জামাল উদ্দিন, আরজু, আনোয়ার হোসেন, খোরশেদ আলম ও মোহাম্মদ জিসানসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সর্বস্তরের সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি ধসে যাওয়ায় অত্র এলাকার প্রায় ২৫০ থেকে ৩০০টি পরিবারের যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। বর্তমানে যানবাহন চলাচল দূরে থাক, পায়ে হেঁটে চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা মসজিদে জামাতে নামাজ পড়তে যেতে পারছেন না। সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়া অসুস্থ রোগীরা্ত তাদের বাঁশের ভার বেঁধে কাঁধে করে হাসপাতালে নিতে হচ্ছে। এছাড়া স্কুল–কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ডংছড়ি ছড়ার ওপর স্থায়ী ব্রিজ নির্মাণসহ ধসে যাওয়া সড়কটি পাকাকরণ ও প্রয়োজনীয় কালভার্ট বরাদ্দের জন্য পৌর প্রশাসন ও ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।











