বাণিজ্যমন্ত্রী বললেন পরিস্থিতি বদলায়নি

১০% মার্কিন শুল্ক

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের ওপর কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আগে যুক্তরাষ্ট্রে যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্য বাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ণ হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন। নতুন কোনো অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি। ফলে শুল্ক পরিস্থিতিতে বাস্তবে কোনো পরিবর্তন আসছে না।’

গতকাল শুক্রবার দুপুরের দিকে লাক্কাতুরা চাবাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ক্যাম্পে পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষুসেবা দেওয়া হয়। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্র আগের শুল্কই নতুন করে পুনঃস্থাপন করেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজকে রাত ১২টার পরেও আগের শুল্কই থাকবে। তবে তবে তা ভিন্ন নামে থাকবে।’

তেলের দাম নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। আগামীতে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়ার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে গোসলের সময় তলিয়ে যাওয়া ছেলে উদ্ধার, বাবা নিখোঁজ
পরবর্তী নিবন্ধআর ৫০ ফুট ভাঙলেই বিচ্ছিন্ন হবে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়ক ঝুঁকিতে পাঁচ হাজার মানুষ