সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গতকাল শুক্রবার বিকালে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিন বিকাল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র দাখিল করেন জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।

ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি; পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডের সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।’ খবর বিডিনিউজের।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব কীভাবে চলবে, তাও তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংবিধানে ইতোমধ্যেই আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথেরই অংশে বর্ণিত থাকে, যখন বলা হবে, কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে, তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।’

মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন বলে জানান হাফিজ। পদত্যাগপত্রে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি অটোনোমিক নিউরোপ্যাথি রোগে ভোগার কথা জানিয়েছেন পদত্যাগী রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়া পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর সংবিধানের ৭৪ () অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের পদ শূন্য হলে বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে কিংবা অন্য কোনো কারণে নিজের দায়িত্বপালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন। আর ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সংসদের কার্যপ্রণালীবিধিঅনুযায়ী কোনো সংসদসদস্য তা পালন করবেন এবং সংসদের কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকিলে সংসদের কার্যপ্রণালীবিধিঅনুযায়ী কোনো সংসদসদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে ইয়াবা, কুড়াচ্ছে মানুষ
পরবর্তী নিবন্ধ১৮ রাষ্ট্রপ্রধানের ৭ জনের বিদায় পদত্যাগে