পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) গতকাল বৃহস্পতিবার ফল–২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমান। ওরিয়েন্টেশন বক্তা সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, শিক্ষার্থীরা যে বিভাগেই অধ্যয়ন করুক না কেন, নিজ নিজ ক্ষেত্রে সেরাদের একজন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তিনি সময়ের যথাযথ ব্যবহার, আত্মউন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ অর্জনে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী সততা, মানবিকতা ও সুশিক্ষাকে একজন শিক্ষার্থীর জীবনের মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ্য অর্জনে সততা, নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না মোহাম্মদ আলী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জুশান আব্দুল্লাহ। দ্বিতীয় পর্বে কালচারাল ফোরামের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












