পুস্প বাসর

সংযুক্তা চৌধুরী | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

আকাশে মেঘের ঘনঘটাএক ঝাঁক ক্লান্তশ্রান্ত পাখি

কৃষ্ণচূড়ার মগডালে বসে—-কিচিরমিচির স্বরে

নিজেদের সুখদুঃখের পসরা সাজিয়ে খুনসুটিতে মত্ত।

ফুলে ফুলে ছেয়ে আছে লাল কৃষ্ণচূড়া।

তার লাল গালিচায় বসে তোমারই অপেক্ষায়

সন্ধ্যে নামার সময় ঘনিয়ে এলো

পাখিরা ক্লান্ত হয়ে নীড়ে ফেরে

তুমিও ফিরবে তোমার চেনা শহরে

সমস্ত বাধার প্রাচীর বেড়াজাল ডিঙিয়ে,

অবলীলায় তুমি ধরা দেবে

উদ্দাম, উন্মুক্ত জলরাশির মতো প্রচণ্ড বেগে

তরঙ্গে তরঙ্গে সুর তুলে।

সাগরের অথৈ নোনাজলে ভেসে বেড়াবে

সমুদ্রের মাতাল করা ঢেউ

অন্তহীন অথৈ জলকেলিতে মত্ত

মদিরা আর দ্রাক্ষারসের উচ্ছ্বাসে মাখামাখিতে

চূর্ণ বিচূর্ণ তনু মন, এলোমেলো কুন্তলকেশ,

দৈব ঝড়ে বিধ্বস্ত, পুস্প বাসরে ভাঙলো ফুলের শোভা

কৃষ্ণচূড়ার ডাল লালে লাল মাতোয়ারা

শঙ্খচিলশালিক, উতলা আনন্দে আত্মহারা।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন সেনগুপ্ত : স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী
পরবর্তী নিবন্ধবিষণ্ন সুন্দর