একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হারার পর বাকি থাকছে টি–টোয়েন্টি সিরিজ। সিরিজটি ১–১ ব্যবধানে ড্র আছে। আজ দু’দেশের তৃতীয় ও শেষ টি– টোয়েন্টি ম্যাচ। শেষটা জয়ে রাঙানোর আশা টাইগারদের। তাই শেষ ম্যাচটি জিতে কিছুটা স্বস্তিতে সফর শেষ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি। এই সফরে বাংলাদেশের হারানোই ছিল অনেক বেশি। দুই সংস্করণে সেই শঙ্কাই সত্যি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। পরে ওয়ানডে সিরিজ হেরে গেছে মেহেদী হাসান মিরাজরা। লিটন দাসের অনুপস্থিতিতে টি–টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এখানেও সিরিজ শুরু হয় বড় হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্যাটে–বলে ভালো পারফরম্যান্সে সিরিজ জিইয়ে রাখেন হৃদয়রা। এই টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তি ইয়াসির আলি চৌধুরির ব্যাটিং। প্রায় সাড়ে তিন বছর পর হুট করেই বাংলাদেশের টি–টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে। প্রথম ম্যাচে দল হারলেও টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি উপহার দেন ইয়াসির। পরের ম্যাচে শেষ দিকে নেমে ১২ বলে ২২ রানে গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন বিসিবির ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী এই ব্যাটার বলেন, দেশের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পেরেছেন তারা।‘ মরিয়াভাব নয়, আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার। সবচেয়ে বড় ব্যাপার, দলের যে একটা বন্ডিং, স্পিরিট, ওটা মাথায় নিয়েই সবাই নেমেছিল যে, আমরা বাংলাদেশের জন্য খেলব এবং বাংলাদেশকে জেতাব। আমার কাছে মনে হয়, সবারই ওরকম ভাবনা ছিল যে, বাংলাদেশকে জেতাব।’ দুই ম্যাচের ফাঁকে এক দিনের বিরতিতে অনুশীলন সেশন ছিল না দলের। হোটেলেই ছিল শুধু শারীরিক কসরত। ইয়াসির বললেন, আগের ম্যাচের পথ ধরেই শেষ ম্যাচে জয়ের চেষ্টা করবেন তারা।
‘আজকে শুধু একটু জিম সেশন ও রিকভারি সেশন হয়েছে। আশা করি, এটা আগামীকালের ম্যাচের জন্য আমাদেরকে ভালো করতে উজ্জীবিত করবে। আমরা সবশেষ ম্যাচটি যেভাবে খেলেছি, আমরা চেষ্টা করব ওভাবে খেলার। ইতিবাচক অ্যাপ্রোচ অবশ্যই থাকবে। আমরা চেষ্টা করব দেশের জন্য খেলতে, দেশকে একটি সিরিজ যেন আমরা জেতাতে পারি।’ টেস্ট ও ওয়ানডের তুলনায় জিম্বাবুয়ের টি–টোয়েন্টি দল অবশ্য তুলনামূলক ভালো ও পোক্ত। গত টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা।












