মেসিকে নিয়ে শাকিরার বার্তা

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা পোস্ট করেছেন জনপ্রিয় সংগীত তারকা শাকিরা। একের পর এক রেকর্ড ভেঙে আর্জেন্টিনাকে যেভাবে ফাইনালের মঞ্চে পৌঁছে দিয়েছেন মেসি সেটি মুগ্ধ করেছে শাকিরাকে। শুধু মেসিই নন আর্জেন্টিনার অধিনায়কের স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেছেন শাকিরা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির ছবি দিয়ে শাকিরা লিখেন, ‘লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বাইরে। এটা এমন একজন মানুষের গল্প, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা এবং পরিশ্রমের প্রতি পুরোপুরি নিবেদিত। সময় ও সব বাধাকে চ্যালেঞ্জ জানিয়ে মেসি প্রমাণ করে দিচ্ছেন, একজন মানুষকে বয়স বা অন্যের কথায় বিচার করা যায় না।’ মেসির স্ত্রী রোকুজ্জোকে নিয়ে শাকিরা লিখেন, ‘আমার বিশ্বাস, রোকুজ্জোর মতো একজন সঙ্গী পাশে থাকাতেই মেসি এই শক্তি ও অনুপ্রেরণা পায়। এজন্য নিজের সামর্থ্য বারবার প্রমাণ করে চলেছেন মেসি।’ শাকিরার এই পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন রোকুজ্জো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘ গ্রীনের সভা