চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফতেহ আলী মাতব্বর লেইনের নাম পরিবর্তন করায় গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাপ্টেন ডাক্তার কামরুজ্জামান চৌধুরী লেইন ও ডাক্তার এবিএম নুরুল আলম লেইন নামে নতুন নামকরণ করার প্রশাসনিক অনুমোদন বাতিল করার দাবি জানানো হয়। সাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এটি একটি ঐতিহ্যবাহী এলাকা, এখান থেকে দেশের শীর্ষ পর্যায় পর্যন্ত ভূমিকা রাখা অনেক বিজ্ঞ মানুষের জন্ম ও শৈশব কেটেছে, দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক ঐতিহ্য বিজড়িত এই এলাকা।
সভায় বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বাসিন্দাদের এনআইডি কার্ড, বিভিন্ন নথিপত্র, সার্টিফিকেট এবং দলিলাদির ঠিকানায় ফতেহ আলী মাতব্বর লেইন উল্লেখ করা আছে।
তাছাড়া এই নতুন নামকরণের বিষয়ে স্থানীয় কেউই কিছু জানেন না। ষড়যন্ত্রমূলকভাবে নাম পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে পূর্বের নাম ‘ফতেহ আলী মাতব্বর লেইন’ পুনর্বহালের দাবি জানান।
সভায় কোনোভাবেই এই ঐতিহ্যবাহী এলাকার নাম পরিবর্তন স্থায়ী বাসিন্দাগণ মেনে নেবেন না এবং দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন মরহুম ফতেহ আলী মাতব্বরের পৌপুত্র ইকবাল হায়দার, আবু জাফর চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, শওকত আলী চৌধুরী, মহসিন চৌধুরী, এরশাদ হোসেন চৌধুরী, মুসলিম আলী জনি, এনামুল হক, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মেহেদী হাসান টিটু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












