ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায়৭ গুদাম শ্রমিক নিহত

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাত গুদাম শ্রমিক নিহত ও আরও অনেকে আহত হয়েছে। আর বৃহত্তর রাজধানী অঞ্চল মস্কোয় আরেক হামলায় একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। খবর বিডিনিউজের।

শনিবার তাম্বভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পারভিশভ জানান, ইউক্রেনের ড্রোনগুলো কতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ এর একটি গুদামে আছড়ে পড়ে, এতে সাত শ্রমিক নিহত ও আরও ২৫ জন আহত হয়। কতোভস্ক শহরটি রাজধানী মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে। টেলিগ্রামে পারভিশব লিখেছেন, ঘটনাস্থলেই রাতের পালায় কর্মরত সাত শ্রমিক নিহত হন।

মস্কো টাইমস জানিয়েছে, এ সময় আরও ২৮টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয় বলে দাবি করেছেন তিনি। পারভিশব বলেছেন, এগুলো যদি লক্ষ্যে পৌঁছত তবে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতো। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানিয়েছেন, মস্কোর পূর্বাঞ্চলীয় শহর এলেকত্রাস্তালে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে পৃথক আরেক ড্রোন হামলায় ২৪ জন আহত হয়। ওয়াইল্ডবেরিজের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম জানিয়েছেন, এটি রাশিয়া ও তাদের কোম্পানির জন্য একটি ভয়ঙ্কর রাত ছিল। তিনি নিহতদের পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ভোরোবিভ জানান, মস্কো অঞ্চলের আরেক শহর নোগিন্সককে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। এখানে দুজন আহত হয় আর নিকটবর্তী মাতৃদসন হাসপাতাল থেকে রোগীসহ লোকজনকে সরিয়ে নেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডে তেল ডিপোটি কতোট ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মোহরা শাখার কারবালা মাহফিল