চট্টগ্রামে চলছে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ

স্থানীয় নির্বাচন খসড়া তালিকা প্রকাশ ১০ আগস্ট

শুকলাল দাশ | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে স্থানীয় নির্বাচন শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সীমানা নির্ধারণ দ্রুত সম্পন্ন করাসহ ভোটকেন্দ্রের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট এবং এরপর উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সেভাবেই প্রস্তুতির কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট। এরপর প্রাপ্ত আবেদন যাচাইবাছাই ও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২৩ আগস্টের মধ্যে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী গত রাতে আজাদীকে বলেন, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর ব্যাপারে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির কাজ চলছে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে আগের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে তালিকা প্রস্তুত করছেন। এরপর যাচাইবাছাই করে উপজেলা থেকে আমার কাছে এলে আমি তালিকা কমিশনে পাঠাব। উপজেলা পর্যায়ে আগের ভোটকেন্দ্রের পাশাপাশি নতুন ভোটকেন্দ্রও হবে। আগের অনেক ভোটকেন্দ্র নষ্ট হয়ে গেলে বা বিল্ডিং ভেঙে গেলে সেক্ষেত্রে নতুন ভোটকেন্দ্র করা হবে। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভোটকেন্দ্র নিয়ে যাচাইবাছাই শেষে শুনানি করে খসড়া তালিকা তৈরি করা হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম জেলায় ১৫ উপজেলা এবং ১৯৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এছাড়া পৌরসভা রয়েছে ১৫টি।

পূর্ববর্তী নিবন্ধ১৫০ দিনের শাসনে ৫ বড় অর্জনের চিত্র তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়
পরবর্তী নিবন্ধএখন থেকে স্ল্যুইচগেট রক্ষণাবেক্ষণ করবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা