ফাইনালে ছেলের পাশে থাকতে পারবেন না ইয়ামালের বাবা

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের জন্য ২০২৬ ফিফা বিশ্বকাপ স্বপ্নের মঞ্চ। মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার কীর্তি গড়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। তবে ছেলের এমন ঐতিহাসিক মুহূর্তেও যুক্তরাষ্ট্রে গিয়ে গ্যালারি থেকে তাকে সমর্থন করতে পারেননি বাবা মুনির নাসরাউই। বিশ্বকাপ ফাইনালের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অনুপস্থিতির কারণ নিজেই ব্যাখ্যা করেছেন ইয়ামালের বাবা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মৃগীরোগে (এপিলেপসি) ভুগছেন। প্রতিদিন নিয়মিত ওষুধ সেবন করতে হয় এবং অতিরিক্ত মানসিক চাপ বা আবেগের কারণে যে কোনো সময় খিঁচুনি হতে পারে। মুনির বলেন, ‘আমি একজন এপিলেপসি রোগী। প্রতিদিন অনেক ওষুধ খেতে হয়। চাপ বা আবেগের মুহূর্তে যে কোনো সময় খিঁচুনি হতে পারে। তাই কোথাও ভ্রমণের আগে আমাকে, আমার ছেলে এবং আশপাশের সবার কথা ভেবে সিদ্ধান্ত নিতে হয়। আমি চাই না আমার কারণে কোনো সমস্যা তৈরি হোক। তাই বাড়িতে থেকেই সবকিছু দেখাই ভালো মনে করেছি।’ যদিও তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেননি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রতিটি ম্যাচ নিয়ে নিয়মিত প্রতিক্রিয়া জানিয়ে সমর্থন করে যাচ্ছেন। অন্যদিকে বিশ্বকাপজুড়ে গ্যালারিতে দেখা গেছে ইয়ামালের মা শেইলা এবানা, সৎ ভাই কেইনকে। এছাড়া তার বান্ধবী ইনেস গার্সিয়াও স্পেনের প্রায় সব ম্যাচেই উপস্থিত ছিলেন, ইয়ামালের জার্সি গায়ে জড়িয়ে তাকে উৎসাহ দিতে।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার প্রেসিডেন্ট ফাইনাল খেলা দেখবেন বাড়িতে বসেই
পরবর্তী নিবন্ধফাঁকতালে ফাইনালে উঠিনি,চার বছর ধরে আমরাই সেরা : মেসি