সমালোচকদের জবাব দিতে বিশ্বকাপ ফাইনালের আগে আবার মুখ খুলেছেন লিওনেল মেসি। তিনি বলেছেন, আর্জেন্টিনাকে কিছুই পাইয়ে দেওয়া হচ্ছে না। মেসির বক্তব্য, তাঁদের পারফরম্যান্সকে খাটো করে দেখাতেই এ সব বলা হচ্ছে। আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। সহজ সূচি দেওয়া হয়েছে। বিশ্বকাপের প্রথম থেকেই সমালোচকদের একাংশ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় গ্রুপ অফ ১৬–য় মেসি–রোনালদো দ্বৈরথের সম্ভাবনা শেষ হয়ে যায়। তার পর থেকে সুর আরও চড়িয়েছেন সমালোচকেরা। এ সব নিয়ে সেমিফাইনালের আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন মেসি। ফাইনালের আগে আবার মুখ খুলেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেওয়ার পর মেসি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। এটা আপনার পছন্দ হতে পারে। আবার না–ও হতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আরও এক বার নিজেদের প্রমাণ করেছি। বিশ্বকাপের সেরা দু’দলের মধ্যে একটা আর্জেন্টিনা। আমরা মাঠে খেলে প্রমাণ করেছি। এর মধ্যে ফাঁকতালে পাওয়ার কিছু নেই। আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি।’ বিশ্বকাপ ফাইনালে ওঠা নিয়ে মেসি বলেছেন, ‘খুব কম দলই পর পর দু’বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে। আমাদের এই দলটাও সেটা করে দেখিয়েছে। আমরা ইংল্যান্ডের কাছে হেরে গেলে কিছু মানুষ অযৌক্তিক কথাবার্তা বলতে শুরু করে দিত। আমরা তাঁদের সেই সুযোগটা দিইনি।’ দল যে ভাবে খেলছে, তাতে খুশি মেসি। বুঝিয়ে দিয়েছেন, লড়াই করেই তাঁদের ফাইনাল পর্যন্ত পৌঁছোতে হয়েছে। সামাজিক মাধ্যমের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি ইংল্যান্ড ম্যাচের আগেই বলেছিলেন, সামাজিকমাধ্যমের মন্তব্য বা সমালোচনা নিয়ে চিন্তিত নন।












