চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৫১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। এরমধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২৮৯ জন পুরুষ, ১৩০ জন মহিলা এবং ৯৪ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যান ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।











