রথযাত্রা উপলক্ষে নগরে যানবাহন চলাচলে নির্দেশনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্টে ব্লক দিয়ে ডাইভারশন দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর মাধ্যমে উক্ত সময়ে রথযাত্রা অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পয়েন্টগুলো হচ্ছেবাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী, লালদীঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোড। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে সিএমপির মিডিয়া সেল।

নগরীতে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে জানিয়ে সিএমপির পক্ষ থেকে বলা হয়, তুলসীধাম মন্দিরের রথযাত্রা তুলসীধাম থেকে নগরীর নিউমার্কেট, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও লাভ লেন হয়ে পুনরায় মন্দিরে ফিরবে। নন্দনকাননের রাধামাধব মন্দির (ইসকন)-এর রথযাত্রা নগরীর ডিসি হিল, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউমার্কেট ও আমতল হয়ে নন্দনকাননে শেষ হবে।

এছাড়া প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর রথযাত্রা নগরীর প্রবর্তক মোড় থেকে গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, লালদীঘি ও সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে পৌঁছাবে। সিএমপির মুখপাত্র ও সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ নগরবাসীকে অনুষ্ঠান চলাকালে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ
পরবর্তী নিবন্ধরথযাত্রা উৎসব শুরু আজ