বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার

সাতকানিয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা বন্যা দুর্গত প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে চাই

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার। এখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। বন্যার পানি নেমে যাওয়ায় পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। বন্যায় ক্ষতির শিকার প্রতিটি মানুষকে সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ঘর মেরামতের ব্যবস্থা করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতসহ বন্যার সমস্ত ক্ষতি পুষিয়ে নিয়ে মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ব্যবস্থা করা হবে।

তিনি গতকাল সোমবার দুপুরে সাতকানিয়ার কালিয়াইশে ইকবাল কনভেনশনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এবং কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়, ধর্মপর, বাজালিয়া ও উপজেলা পরিষদে বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে। আমরা বন্যা দুর্গত প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে চাই। কারো কাছে আগে পৌঁছাতে পেরেছি। কারো কাছে হয়তো পরে পৌঁছাতে পেরেছি। বন্যার প্রথম দিন থেকেই উপজেলা প্রশাসন কাজ করছে। ১৭টি ইউনিয়নের মধ্যে ১১৭টি ওয়ার্ডে ইতিমধ্যে শুকনো খাবার পৌঁছানো হয়েছে। বন্যা কবলিত প্রত্যেক জনের কাছে শুকনো খাবার আর চাল পৌঁছানো হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

পূর্ববর্তী নিবন্ধকার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে জেলের জালে বিরল সিংহ মাছ