পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘সিংহ মাছ’। রোববার সন্ধ্যায় মাছটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মায়ের দোয়া ফিস আড়তে নিয়ে আসেন জেলেরা। লাল, সাদা ও মেরুন রঙের আড়াআড়ি ডোরা কাটা, শরীরজুড়ে লম্বা লম্বা পাখনা ও বিষাক্ত কাঁটা। মাছটি দেখতে খুব সুন্দর, কিন্তু বিপজ্জনক। মাছটি স্থানীয়ভাবে ‘এরোপ্লেন মাছ’ নামেও পরিচিত বলে জেলেরা জানান। খবর বিডিনিউজের।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমাদের উপকূলে এই মাছ সচরাচর দেখা যায় না। কাঁটা আর ভেতরের বিষাক্ত অংশ ফেলে দিলে মাংস খাওয়া যায়। আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলে এই মাছ খায়। এর মাংস সাদা ও সুস্বাদু। অ্যাকুরিয়ামের জন্য খুব দামি মাছ এটা। কিন্তু সমুদ্রে এরা অন্য ছোট মাছ খেয়ে ফেলে। তাই পরিবেশের জন্য ক্ষতিকর।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এই মাছ ইন্দো–প্যাসিফিক মহাসাগর, লোহিত সাগর এবং আমাদের বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলে মাঝেমধ্যে জেলেদের জালে ধরা পড়ে। এরা কোরাল রিফের আশেপাশে থাকে। এই মাছের পিঠের ১৮ কাঁটায় প্রচণ্ড বিষ থাকে। খোঁচা লাগলে ব্যথা, বমি, মাথা ঘোরানো, শ্বাসকষ্ট হতে পারে।












