এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল সোমবার সকালে বাঁশখালীর বাহারছড়ায় দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ করেন। গতকাল সোমবার সকালে তারা বাঁশখালীর বাহারছড়া এলাকায় ত্রাণ বিতরণ ও সাধারণ মানুষের দু:খ দুর্দশার কথা শুনেন। বন্যাদুর্গত মানুষের দ্বারে দ্বারে ত্রাণের বস্তা কাঁধে নিয়ে পৌঁছে দেন নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্থানীয় পানি ব্যবস্থাপনা ও স্লুইসগেট নিয়ে অভিযোগ তুলে পরিস্থিতির কারণ অনুসন্ধানের দাবি জানান। প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণসহ পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করেন। ত্রাণ বিতরণকালে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি থেকে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। শুধু সরকারের ওপর নির্ভর না করে দেশের সামর্থ্যবান মানুষ, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন,‘মানুষ কষ্ট পাচ্ছে, এখন পাশে দাঁড়াতে হবে’ বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কে পারছে বা কে পারছে না, শুধু সেই দোষারোপে আটকে থাকলে হবে না। বাস্তবতা হলো মানুষ কষ্ট পাচ্ছে। তাই দল–মতের ঊর্ধ্বে উঠে সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। চট্টগ্রামের মানুষের দুর্ভোগ নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। দীর্ঘ সময় পানিবন্দি থাকায় অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এ অবস্থায় সামর্থ্য অনুযায়ী সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় অ্যাডভোকেট তরিকুল ইসলাম, আবু ওয়াইদা মজুমদার, এনসিপিপি, যুবশক্তি, নারী শক্তির নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।












