নগরে গতকাল রোববারও ভারী বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির কারণে থমকে থাকা জনজীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি। গতকালের বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় সড়কে পানি জমে যায়। তবে বৃষ্টি থামার সাথে পানি নেমে যায়। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিসের পতেঙ্গা পর্যবেক্ষণাগারে ১৬০ মিলিমিটার ও আমবাগান পর্যবেক্ষণাগারে দেশের সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় পতেঙ্গা পর্যবেক্ষণাগারে ১৫১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গতকাল দুপুর ১২টায় দেয়া আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট,ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা সুমন সাহা জানান, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জায়গাসমূহের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসজহ বৃষ্টি হতে পারে।











