টানা বৃষ্টিতে হালদা নদীর উপর মদুনাঘাট ব্রিজের উভয় পাশে ধসের সৃষ্টি হয়েছে। বিরতিহীন বৃষ্টিতে ব্রিজের উপর থেকে নিচের দিকে নেমে আসা পানিতে এমন ধসের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, আগের পুরাতন ব্রিজেটির দক্ষিণাংশের গোড়া ছুঁয়ে নিচে পানি নামছে। পানির সাথে ধসে পড়ছে ব্রিজের গোড়ার মাটি। মদুনাঘাট বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী বলেন, কাপ্তাই সড়ক ও মদুনাঘাট ব্রিজটি বাজার থেকে অনেক উপরে। ভারি বৃষ্টি হলে সড়ক ও ব্রিজের পানি স্রোত হয়ে গড়িয়ে আসে নিচে। এই পানি গিয়ে পড়ে হালদা নদীতে। সড়ক ও ব্রিজের পানি নামতে শুরু করেছে আগের ব্রিজটির গোড়া ঘেঁষে। পানির সাথে ধসে পড়তে শুরু করেছে ব্রিজের গোড়ার মাটি। এভাবে পানি নামতে থাকলে সড়ক ও ব্রিজটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে।
মদুনাঘাট ব্রিজের উত্তারাংশে কাপ্তাই সড়কেও ধস দেখা গেছে। এই পাশেও ব্রিজ হয়ে নেমে আসা পানি সড়ক ঘেঁষে নিচে পড়ে ধসের সৃষ্টি হয়েছে। যেভাবে ধস বাড়ছে, দ্রুত ঠেকানো না গেলে সড়কের বড় একটি অংশ নিচে ধসে পড়বে। জানা যায়, সড়কে ধসের সংবাদ পেয়ে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সড়ক ও জনপদ বিভাগকে জানালে তারা গিয়ে ধস ঠেকানোর চেষ্টা করছেন।











