পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– কক্সবাজারের চকরিয়ার উত্তর ফুলছড়ির কবির আহমদের ছেলে নুরুল ইসলাম (২৬), একই এলাকার আবুল হোসেনের পুত্র মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), আবদুর শুকুরের পুত্র মিজানুর রহমান (২৪), আব্দুল আজিজের পুত্র মো. হাসান (২৬), আবুল কালামের পুত্র মো. বাদশা (২০)।
জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।











