রডবোঝাই ট্রাক বিলে, ৮ টন রডের নিচে চাপা ৩ শ্রমিক

১৫ মিনিটের মধ্যে উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেলে তিন শ্রমিক রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকার শরাফত এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম শহর থেকে ৮ টন রড নিয়ে কেএসআরএমের চট্টমেট্রোট ১১৫০৪৬ নম্বরের ট্রাকটি আনোয়ারার দিকে যাচ্ছিল। পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি উল্টে পাশের বিলে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে বের হয়ে গেলেও ট্রাকে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর বিবেচনায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে রডের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করি। একই সঙ্গে সড়কের যান চলাচলও স্বাভাবিক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, যানবাহনে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল বহনের কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লায়
পরবর্তী নিবন্ধহতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন জিয়াউর রহমান