ইনানী সৈকতে গোসলে নেমে হাটহাজারীর যুবক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বেড়াতে আসা এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ইকবাল। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে যুবকটি নিখোঁজ হন। তবে সন্ধ্যা পর্যন্ত সী সেফ লাইফগার্ড, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেও তার সন্ধান পায়নি।

নিখোঁজ সায়েমের বন্ধু আরমান জানান, তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় তিনি সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। বিচকর্মী মোহাম্মদ মাহবুব আলম জানান, আরমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন, বিচকর্মী এবং সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, সায়েম তার বন্ধু আরমানের সঙ্গে সমুদ্রে গোসলে নামলে হঠাৎ পানিতে ডুবে যান। বন্ধু আরমান তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজন ও বীচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে সক্ষম হলেও সায়েম ঢেউয়ের তোড়ে ভেসে যান। নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের আভিযারিক দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রম শুরু করে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ মোহাম্মদ সায়েমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারের লক্ষ্যে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান পর্যটন সেলে দায়িত্বরত জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআরেক ইতিহাস ডাকছে মেসিকে
পরবর্তী নিবন্ধজাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ, চট্টগ্রামে লক্ষ্য ১৪ লাখ শিশু