নগরের রাণী রাসমণি ঘাটে অবৈধভাবে দোকান নির্মাণের লক্ষ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী জব্দ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় উচ্ছেদ করা হয় অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিস ও বিভিন্ন স্থাপনা। পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত ঘাটটি। চসিকের নাম ব্যবহার করে একটি চক্র সেখানে খাস কালেকশন–এর নামে ‘চাঁদাবাজি’ করছিল। স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে বিষয়টি নজরে আসে চসিকের। এরপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঘাটটিতে অভিযান চালিয়ে নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। অভিযান শেষে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ ঘাট কাউকে ইজারা দেয়নি। ফলে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে এখানে অর্থ আদায়ের সুযোগ নেই। ভবিষ্যতে আইনগত বিষয়াদি যাচাই–বাছাই শেষে ঘাটটির ব্যবস্থাপনার বিষয়ে কর্পোরেশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলেন, অভিযানে অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিস ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা ব্যবহার করে একটি চক্র ঘাটের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে অর্থ আদায় করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সিটি কর্পোরেশনের নামে টাঙানো অবৈধ ব্যানার অপসারণ করা হয়েছে। দোকান নির্মাণের উদ্দেশ্যে অবৈধভাবে তৈরি করা কাঠামো ও ভিত্তিও ভেঙে দেওয়া হয়েছে। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানে ঘাট এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণের লক্ষ্যে জমাকৃত প্রায় ২১৮টি বাঁশ, ২০টি ছোট টিনের শিট, ২০টি টিন, একটি টেবিল, চারটি চেয়ার, একটি ফ্যানসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় জেলেদের অনুরোধে চলতি ১৪৩৩ বঙ্গাব্দে রাণী রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি এবং বর্তমানে ঘাটে খাস আদায়ের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। এরপরও একটি চক্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে। সমপ্রতি এ বিষয়ে স্থানীয়দের মানববন্ধনের পরিপ্রেক্ষিতে মেয়র মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।












