চন্দনাইশের পাহাড়ি এলাকায় আবারও দুই শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চনাবাদের শিলছড়ি লেবুবাগান এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এর আগে গত ৯ জুন উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে আরও দুই শ্রমিক অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিলছড়ি লেবুবাগান এলাকায় ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে যান কঙবাজারের পেকুয়ার টইটং এলাকার আবদুস ছত্তারের ছেলে নুরুল আমিন (৩৬) এবং সাতকানিয়ার দূরদুরী এলাকার মো. হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৬)। এ সময় ৫ থেকে ৮ জনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল তাদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সময় বাগানসংশ্লিষ্ট আরেক ব্যক্তি আবদুর রহিমকেও আটকে রাখা হয়। পরে তিনি সুকৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
পালিয়ে আসা আবদুর রহিম বলেন, অপহরণের পর তাদের শারীরিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়া হলেও তাদের ছেড়ে দেওয়া হয়নি। পরে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বিকেলে দুই শ্রমিক ছাড়া পান বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় পাহাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পাহাড়ি এলাকা থেকে দুই শ্রমিক অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












