হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৫ জনে। এর বাইরে ৯৩ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে হাম শনাক্ত হয়েছে ৫২ জনের শরীরে। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬২ জন ঢাকা বিভাগে মারা গেছেন। এর বাইরে রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৬, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ২৪ ঘণ্টায় ৮৯৩ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। এদের মধ্যে ভর্তি নেওয়া হয়েছে ৮৬০ জনকে। এরমধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৩২৪ জন, রাজশাহীতে ৪৫, সিলেটে ৫৫, চট্টগ্রামে ২১১, বরিশালে ১২১, ময়মনসিংহে ৫২, খুলনায় ৩৮ ও রংপুরের হাসপাতালগুলোতে ১৫ জন ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের এক বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে : টিআইবি
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে চট্টগ্রামগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি