আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবস গতকাল বুধবার বা’দ মাগরিব ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি এবং মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, প্রফেসর জসিম উদ্দীন, মাহবুব ছাফা, সাদেক হোসেন পাপ্পু, তৌহিদুল করিম, পীরভাই, হাজারো আশেকান এতে অংশগ্রহণ করেন।
মাসিক তরজুমানের সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলীর সঞ্চালনায় এতে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী ও হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলক্বাদেরী।
বক্তারা বলেন, আহলে বায়তে রাসূল, ইসলামের চার খলিফা এবং নিষ্কলুষ সাহাবায়ে কেরামের প্রতি পূর্ণ আনুগত্য ও পরিপূর্ণ ভালবাসা প্রদর্শনই সুন্নিয়তের মানদণ্ড ও মাপকাঠি। কোনো সাহাবার প্রতি বিন্দুমাত্র অশ্রদ্ধা ও কটূক্তি মোনাফেকীর নামান্তর। বক্তারা আরও বলেন, ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে ইসলামের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে সপরিবারে শাহাদাত করণ করেন, তবুও ইয়াজিদের বশ্যতা স্বীকার করেন নি। কারবালার শহীদগণের ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল মুমিন মুসলমানকে বর্তমান সমাজে চলমান অন্যায়, অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার হওয়াই ইমাম হোসাইন ও আহলে বায়তের প্রতি ভালবাসা প্রদর্শনের উৎকৃষ্ট প্রমাণ। শেষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।










