নগরীর পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাই কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। তারা হলেন মো. সাইফুদ্দিন ও মো. আলী। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটসহ দুজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।










