ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলা কার্যক্রম আরও জোরদার করতে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং এমএসএফ বাংলাদেশের মেডিকেল কো–অর্ডিনেটর ডা. কারমেনজা গালভেজ।
সমঝোতা স্মারকটি ২৩ জুন ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। চট্টগ্রাম বিভাগে সমন্বিত জনস্বাস্থ্য কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গুজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানো এ উদ্যোগের মূল লক্ষ্য। চুক্তির আওতায় ভেক্টর নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন, অ্যাডভোকেসি এবং অপারেশনাল গবেষণাসহ ডেঙ্গু প্রতিরোধ ও প্রস্তুতি কার্যক্রম আরও শক্তিশালী করতে একটি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলা হবে। সমঝোতা স্মারক অনুযায়ী, এমএসএফ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতি ও জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও কার্যক্রমভিত্তিক সহায়তা প্রদান করবে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের বাস্তবায়নে নেতৃত্ব দেবে। প্রেস বিজ্ঞপ্তি।










