হালদায় ২ লাখ ৭০ হাজার টাকার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটারের চারটি অবৈধ ভাসা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীর রামদাস মুন্সিরহাট থেকে মোহরা পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীতে কার্পজাতীয় মাছের প্রজনন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান, এএসআই রমজান আলী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। হালদা প্রকল্পের পাহারাদার আলামগীর ও হাসান মুরাদও অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে নদীর বিভিন্ন স্থান থেকে চারটি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার মিটার। এর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। পরে সন্ধ্যায় নৌ পুলিশ ক্যাম্পের সহযোগিতায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমমতাজকে গ্রেপ্তার দেখানো হলো হত্যাচেষ্টার মামলায়
পরবর্তী নিবন্ধদীঘিনালায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার