মমতাজকে গ্রেপ্তার দেখানো হলো হত্যাচেষ্টার মামলায়

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখে, আদালতে কেউ কেউ গেয়ে ওঠেন ‘বুকটা ফাইট্টা যায়’ গানটি। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানির জন্য যখন মমতাজকে নেওয়া হয়, তখন তার মাথায় ছিল হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি। সে সময় কৌতূহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান কে ‘উনি, কে উনি’। পরিচয় দেওয়া হয় ‘উনি মমতাজ।’ তখন কেউ কেউ গেয়ে ওঠেন মমতাজের তুমুল জনপ্রিয় গানের কলি ‘বুকটা ফাইট্টা যাই’। এজলাশ থেকে ফেরার সময়ও এই ঘটনা ঘটে। অনেকে বলেন, উনি না সংসদে গান গেয়েছেন। এখনো গেয়ে শোনান একবার।

এদিন জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মমতাজকে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। খবর বিডিনিউজের।

মমতাজকে সোমবার এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন এদিন। শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, এ আসামি অবৈধ সরকারের সাবেক এমপি। তার বিরুদ্ধে আরও মামলা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে আন্দোলনসংগ্রামে সহযোগিতা করেছে। তার যথেষ্ট ভূমিকা রয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সংশ্লিষ্টতা পান। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল পবিত্র আশুরা : বিশ্বমানব সভ্যতার ইতিহাসে মর্মান্তিক ঘটনা