নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম শফিউল আলম (৩৬)। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৪১ পিলারে ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় কলা বাগানে কাজ করতে গেলে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে শফিউল আলমের পায়ের গোড়ালি উড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তি ঘুমধুম ইউনিয়নের আমতলী গ্রামে মোহাম্মদ কালু ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ঘুমধুমে স্থলমাইন বিস্ফোরণের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা রোধে ঘুমধুমে সীমান্তবর্তী কোন কোন এলাকায় মাইন পুঁতে আছে সেগুলো শনাক্ত করে সেখানে লাল পতাকা টাঙানো হবে। যাতে করে ভবিষ্যতে সীমান্তের মানুষ এই দুর্ঘটনার শিকার না হয়।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদন ছাড়াই সরকারি জায়গা বেসরকারি প্রতিষ্ঠানে ভাড়া
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া