ছাত্রীর সংখ্যা প্রায় দশ হাজার। অথচ আবাসন সুবিধা রয়েছে মাত্র দুইশ’ ছাত্রীর। প্রান্তিক পর্যায় থেকে আসা শত শত ছাত্রীর আবাসন সংকট অধ্যয়নের পথে বড় ধরনের অন্তরায় হয়ে উঠছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে ছাত্রীদের হলের অভাব প্রকট। কলেজের অভ্যন্তরে জায়গা থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে নতুন করে হল নির্মাণ সম্ভব হচ্ছে না। অথচ একটি বহুতল ভবন নির্মাণ করে আরো কিছু ছাত্রীকে আবাসন সুবিধা দেয়া গেলে নারী শিক্ষার একটি অন্তরায় দূর হতো বলেও সূত্রগুলো মন্তব্য করেছে।
সূত্র জানিয়েছে, ১৫৭ বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে বর্তমানে প্রায় বিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন। যার অর্ধেকই নারী। উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় এই কলেজে। কলেজটিতে চট্টগ্রামের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পান। দেশের নানা অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। অনেক প্রান্তিক এলাকার নারী শিক্ষার্থীও অধ্যয়ন করেন এই কলেজে। কিন্তু তাদের থাকার কোন জায়গা না থাকায় বিভিন্ন বাসায় সাবলেট এবং মেস করে নারী শিক্ষার্থীদের লেখাপড়া চালাতে হয়। এতে তাদের ঝুঁকি ছাড়াও প্রচুর অর্থ ব্যয় হয়। অথচ নারী শিক্ষার্থীদের হোস্টেলের ব্যবস্থা করা গেলে তারা স্বল্প খরচে নিরাপদ স্থানে লেখাপড়া করার সুযোগ পেতেন বলেও কলেজের একাধিক শিক্ষক মন্তব্য করেছেন। চট্টগ্রাম কলেজে মোট হোস্টেলের সংখ্যা ৬টি। এরমধ্যে ৪টি ছাত্রদের এবং ২টি ছাত্রীদের। এসব হোস্টেলে প্রায় ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। নারী শিক্ষার্থীদের দুইটি হলের একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের একশ’ জন এবং অপরটিতে অনার্স মাস্টার্সের একশ’ জন ছাত্রীকে আবাসন সুবিধা দেয়ার সুযোগ রয়েছে। শত শত শিক্ষার্থী আবেদন করলেও কর্তৃপক্ষ শুধুমাত্র দুইশ’ নারী শিক্ষার্থীর থাকার জায়গা দিতে পারেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, আমাদের এখানে কুতুবদিয়া, পেকুয়া, নোয়াখালীসহ বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীরা পড়তে আসেন। অথচ তাদের থাকার কোন জায়গা না থাকায় তাদেরকে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ প্রায় এক যুগ ধরে চট্টগ্রাম কলেজের ৬টি হোস্টেলই বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় হলগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষ ছয়টি হোস্টেলের মধ্যে চারটিকে মোটামুটি সংস্থার করে চালু করেছে। অপরগুলোও সংস্কার করার পর্যায়ে রয়েছে।
চট্টগ্রাম কলেজে প্রচুর জায়গা রয়েছে। ছাত্রীদের জন্য একাধিক বহুতল হল করার মতো জায়গার কোন অভাব নেই। শুধু উদ্যোগ এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা যায় বলে কলেজের একাধিক শিক্ষক দৈনিক আজাদীকে জানান।












