কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি হয়। তিনি বলেন, ২৩ জুন (আজ) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে এক সপ্তাহের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। এই ছয় জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন বলে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে। কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার প্রয়োগ করতে পারবেন। এছাড়া কক্সবাজারসহ ৫ জেলার বিজিবি মোতায়েন করেছে সরকার। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত গতকাল সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা এক চিঠিতে ছয় জেলায় সেনা মোতায়নের অনুরোধ জানান। সেখানে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি–শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন হতে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে–এমন আলোচনা কয়েকদিন ধরেই ছিল। ২৩ জুন সামনে রেখে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তাও পাঠানো হয়। ওইদিন সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় সদর দপ্তর।
এদিকে ২৩ জুন ঘিরে ঢাকায় ১৮ হাজার পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই দিনটি ঘিরে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
৫ জেলায় বিজিবি : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। কঙবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে ৩০ জুন পর্যন্ত বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে গতকাল সোমবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা ‘স্ট্যান্ডবাই’ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।











