স্বর্ণার ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, ইতিহাস গড়ল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নারী টিটোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার সাউদাম্পটনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে তারা। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতায় ১৩ রানে ৩ উইকেট হারায় দল। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ছিল আসাযাওয়ার মিছিল। এক পর্যায়ে ১০০ রানের নিচে থেমে যাওয়ার শঙ্কাও তৈরি হয়। তবে সাত নম্বরে নেমে ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের লড়াইয়ের পুঁজি দাঁড় করায়।

জবাবে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি থমকে যায়। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেনি পাকিস্তান। পাওয়ারপ্লেতে দারুণ শুরু করেন পেসার মারুফা আক্তার। নতুন বলে সুইং আর গতিতে প্রথম ওভার মেডেন দেন তিনি। তবে উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি। এরপর দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। তারা ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান করে। এর আগে নিগার সুলতানা জ্যোতি ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। স্বর্ণা আক্তার ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৪ জনসহ ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী