বিশ্ব সংগীত দিবস আজ

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

আজ বিশ্ব সংগীত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘কণ্ঠ মেলাও সুর ও তানে, বিশ্ব জাগুক গানে গানে।’ প্রতিবছর সারাবিশ্বে ২১ জুন উদযাপিত হয় দিবসটি। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দেওয়াই এ দিবসের উদ্দেশ্য। ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদযাপন শুরু করা হয়। ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদযাপন করতে রাতভর গান করার প্রস্তাব তোলেন। এরপর ১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। ২১ জুনের সংগীত দিবস সেই থেকে শুরু।

২০০৭ সাল থেকে বাংলাদেশ সর্বপ্রথম দিবসটি উদযাপন শুরু করে। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১২০টি দেশের ৪৫০টি শহরে উদযাপিত হয় এ দিবস। দিবসটি উদযাপনে বিভিন্ন দেশেই গানের কনসার্ট ও গাননির্ভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজন : বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ সন্ধ্যে সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর গ্যালারি মিলনায়তনে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কথামালায় অংশগ্রহণ করবেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, শিক্ষাবিদ অধ্যক্ষ রীতা দত্ত প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করবে আর্য্য সঙ্গীত সমিতি, সঙ্গীত ভবন, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম, সঙ্গীত পরিষদ, অভ্যূদয়, অদিতি সঙ্গীত নিকেতন, শান্তঞ্জলি সঙ্গীত নিকেতন ও স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস