মীরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটিচাপায় কিশোর নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের করেরহাট এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য পাহাড় কাটাকালে মাটিচাপায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে এক তরুণ। বুধবার রাতে করেরহাট ইউনিয়নের ঘেরামারা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন বন বিভাগের পাহাড় দখল করে বিক্রি এবং বসতি স্থাপনে উদ্বুদ্ধকরণের অভিযোগ রয়েছে। আর আইনপ্রয়োগকারী সংস্থাও এমন অপরাধের বিষয়ে রহস্যজনকভাবে নীরব বলে অভিযোগ রয়েছে।

নিহত ওই কিশোরের নাম সায়েম চৌধুরী (১৩)। নিহত সায়েম উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকার মৃত বশির আহম্মদের ছেলে। এসময় সোহেল রানা (১০) নামে আরো এক কিশোর আহত হয়।

গ্রামের জনৈক আব্দুর রহমান (৪৮) বলেন, প্রায় দুই মাস আগে ছাগলনাইয়া উপজেলার নিজ গ্রাম পানুয়া থেকে এখানে এসে বসত শুরু করে সায়েমের পরিবার। সায়েমের মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। সায়েম দিনে ব্যাটারি চালিত রিকশা চালায়। বুধবার রাতে নতুন বসত ঘর তৈরির জন্য ঘরের পাশের পাহাড় থেকে কয়েকজন বন্ধু নিয়ে মাটি কাটছিল সায়েম। এসময় হঠাৎ মাটি চাপা পড়ে সে। সায়েমের সাথে প্রতিবেশী দুলাল সওদাগরের ছেলে সোহেল রানাও ছিল।

পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা এখনো চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, স্থানীয় নূর উদ্দিন ও মহিউদ্দিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট করেরহাট এলাকায় রিজার্ভ ফরেস্টের জায়গার দখলসত্ব বিক্রি করে আসছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা গরীব পরিবারকে টার্গেট করে এসব জায়গা বিক্রি করে সিন্ডিকেটটি। স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন এসব অপকর্মের সাথে জড়িত এই সিন্ডিকেট এখনো ধরা ছোঁয়ার বাইরে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের এসিএফ মাহদি হাসান বলেন, রাতে পাহাড় কাটার কথা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। মূলতঃ যারা রিজার্ভ ফরেস্টের জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নূর উদ্দিন ও মহিউদ্দিনের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, মাটি চাপা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে
পরবর্তী নিবন্ধসুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ এক বছরে বেড়েছে ৪১%