নাচ–গান–আবৃত্তি ও কথামালা পরিবেশনার মধ্য দিয়ে চট্টগ্রামে বর্ষাকে বরণ করে নিয়েছে জাতীয় শিশু–কিশোর সংগঠন ‘খেলাঘর’। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের আয়োজন করে খেলাঘর চট্টগ্রাম মহানগর। শিশু–কিশোরদের নাচ–গান–আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে আয়োজনটি। বর্ষা যেমন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ দূর করে প্রকৃতিকে করে তোলে স্নিগ্ধ–শীতল, তেমনি ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের মাধ্যমে শিশু–কিশোরদের মন থেকে সংকীর্ণতা দূর করে অসামপ্রদায়িক চেতনায় গড়ে তুলবে সমপ্রীতির বাংলাদেশ– এমনটাই আশা করেন আয়োজকরা। অনুষ্ঠানের শুরুতে বর্ষা বন্দনা পাঠ করেন খেলাঘর–এর ছোট বন্ধু কৌশিকি চৌধুরী ও অনিন্দ্য দাশ। অনুষ্ঠানে বর্ষা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শীলা মোমেন।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে কথামালায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী মজুমদার সেন, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা ও জয়ন্ত রাহা। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় ছিলেন দেবমিতা নন্দী প্রজ্ঞা। বক্তারা বলেন, সুস্থ ধারার সাহিত্য–সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে খেলাঘর শিশু–কিশোরদের অসামপ্রদায়িক, বিজ্ঞানমনষ্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে। খেলাঘর দেশ ও দেশের মানুষকে, দেশের ঐতিহ্যকে ভালোবাসতে শেখায়। প্রেস বিজ্ঞপ্তি।












