খালাতো বোনের উঠানে মানসিক প্রতিবন্ধীর লাশ

রাউজানের উরকিরচর

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড়তলীতে যুবদল নেতা হত্যার তিন দিনের ব্যবধানে আরো এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর গ্রাম থেকে মাথায় আঘাত থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় খালাতো বোনের বাড়ির উঠান থেকে। উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার জনসাধারণ ও পুলিশ বলছে, মারা যাওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন। নাম মোহাম্মদ রাশেদ (৪৫)। বাড়ি ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর। তিনি মান্নান ডাক্তারের বাড়ির বদরুজ্জমানের ছেলে।

জানা যায়, রাশেদের নানাবাড়ি উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামে। গত সোমবার তিনি বেড়াতে এসেছিলেন। স্থানীয়রা বলছেন, তাকে গ্রামে সারা দিন ঘোরাঘুরি করতে দেখা গেছে। সন্ধ্যার পর হেঁটে উরকিরচর গ্রামের দিকে যেতে দেখেছেন। তাকে এই গ্রামের যারা চিনেন তারা বলেছেন নানাবাড়ি থেকে আনুমানিক পাঁচশ গজ উত্তরে নিহতের এক খালাতো বোন জেসমিন আক্তারের বাড়ি। এই বাড়ির উঠানে গতকাল সকালে মানুষ তার লাশ দেখতে পায়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাশেদ আনুমানিক রাত ১১টার দিকে খালাতো বোন জেসমিনের ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করছিলেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে উঠানে ঘুরাঘুরি করেন। পরে কী হয়েছে তা কেউ জানাতে পারেনি। সকালে বাড়ির লোকজন উঠানে রাশেদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মাথা ফেটে অত্যধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়া রাশেদের চাচা আবুল কালাম এটিকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয় সাংবাদিদের বলেন, তার মাথায় আঘাত করা হয়েছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত চান। তিনি জানান রাশেদ দুই সন্তানের জনক। ছিলেন মানসিক প্রতিবন্ধী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উরকিরচর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না দাবি করে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসক ধীপ্রার মৃত্যু স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মামলা; তদন্তে সিআইডি
পরবর্তী নিবন্ধশিবিরে ঘুরছে কুমিরের দল! ভয়ে হোটেল ছাড়তে নারাজ পর্তুগালের ফুটবলারেরা