মেসিই আমার রেকর্ড ভাঙুক : মিরোস্লাভ ক্লোসা

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। চারটি বিশ্বকাপ খেলে করেছেন মোট ১৬টি গোল। জার্মানির প্রাক্তন তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশ্বকাপের রেকর্ডবইয়ে। কিন্তু আদৌ অক্ষত থাকবে সেই রেকর্ড তা কিন্তু মনে করছেন না ক্লোসা নিজেই। এবারের বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সামনে। তবে সেই রেকর্ড ভাঙুন মেসিএমনটাই চাইছেন স্বয়ং ক্লোসা। এই মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির গোলসংখ্যা ১৩। অর্থাৎ, ক্লোসার রেকর্ড ছুঁতে তার দরকার আর মাত্র তিনটি গোল। অন্যদিকে ফ্রান্সের তারকা স্ট্রাইকার এমবাপের গোলসংখ্যা ১২। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ডও ক্লোসার রেকর্ড ভাঙার দৌড়ে রয়েছেন। ক্লোসা বলেন, ‘আমি আশা করছি, এই টুর্নামেন্টেই আমার রেকর্ড ভেঙে যাবে। মেসি যদি সেটা ভাঙে, আমি খুশিই হব। আমি সবসময়ই মেসির বড় ভক্ত।’ এই বলেই মেসিকে প্রশংসায় ভরিয়ে দেন জার্মানির এই প্রাক্তন তারকা ফুটবলার। লিওকে একজন ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেন তিনি। মেসি যদি এই বিশ্বকাপে চারটি গোল করতে পারেন, তাহলেই ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন তিনি। এমবাপের সামনেও সুযোগ থাকবে এই নজির গড়ার। এর পাশাপাশি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানান ক্লোসা। তিনি বলেন, ‘আমি লাজিওতে স্কালোনির সঙ্গে খেলেছি। তখন ও আমাকে শহর ঘুরিয়ে দেখিয়েছিল। আমরা এখনও ভালো বন্ধু।’ ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতেন ক্লোসা। ২০০২ সালে বিশ্বকাপে অভিষেকেই পাঁচ গোল করেছিলেন তিনি। ২০০৬ বিশ্বকাপে আবারও পাঁচ গোল করে গোল্ডেন বুট জেতেন। ২০১০ সালে চার গোল এবং ২০১৪ সালে দুটি গোল করেন। ২০১৪ সালেই তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে দেন। ১৬ গোলের নতুন রেকর্ড গড়েন। ওই বছরই তিনি ফুটবল থেকে অবসর নেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
পরবর্তী নিবন্ধতিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের