চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ও উপসচিব ড. কিসিঞ্জার চাকমা বলেছেন, ক্যান্টনমেন্টে একটা কথা প্রচলিত আছে, প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। এ কথাটি শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রের ভাবলে চলবে না। এটি কর্মজীবনের সকল ক্ষেত্রে জন্য প্রযোজ্য। শিক্ষকদেরও যত বেশি প্রশিক্ষণ দেওয়া যাবে, তত বেশি তাদের পাঠদান সহজ হবে।
তিনি গতকাল শনিবার চসিক পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে ‘সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়’ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন।
প্রশিক্ষণ কর্মশালায় ২৪টি কলেজের আইসিটি, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মরত ১৫২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
মূল প্রশিক্ষণ পরিচালনা করেন সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম শাহজাদা। চসিক বিভিন্ন কলেজের যে সকল শিক্ষক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রশ্ন সেটার মডারেটর এবং প্রধান পরীক্ষক দায়িত্ব পালন করছেন তারা প্রশিক্ষনের রিসোর্স পার্সন ছিলেন।
রিচার্ড পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন ইকরামুল কবির, কৃষ্ণ চন্দ্র দাস, ফাতেমা আক্তার, আঞ্জুমান আরা বেগম, রোজি আক্তার, মোহাম্মদ আবু সায়েম, নুরুল আলম আযাদ, আলেয়া ফেরদৌসি, শান্তা পাল, বিজয় চন্দ্র নাথ, মুহাম্মদ দিদারুল ইসলাম, ইসরাত জাহান ফারুকী ও মোরশেদা বেগম।
অধ্যক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমিনুল হক খান, মো. আবু তালেব বেলাল, মোহাম্মদ মাহফুজুর রহমান, জাহানারা বেগম, নাছিমা আক্তার, জয়নাল আবেদীন, সৈয়দা সারওয়াত জাহান, জারেকা বেগম ও এবিএম মাহবুবুল হক। প্রেস বিজ্ঞপ্তি।










