২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার সন্তান ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকাল ৪টায় পেকুয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মো. ওয়াসিমের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার মেহেরনামা মোরার পাড়া এলাকায় যান। সেখানে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী ওয়াসিমের মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের এই অনন্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় পরিবারের সদস্যরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক চুতর্থ বর্ষের ছাত্র ওয়াসিম। তিনি কলেজ ছাত্রদলের সদস্য ও পেকুয়া উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক ছিলেন।











