জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নাইম হাসানের বাসায় সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়া ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে তার সাথে ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেইল শুনেছি। কাল রাতে শোনার পরই ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত দুজনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। একজন এসআই শফিকুল ইসলাম, আরেকজন কনস্টেবল রাসেল। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ সবসময় প্রফেশনাল কাজ করতে চায়। কেউ যদি আনপ্রফেশনাল হয়, তার বিরুদ্ধে বিধি মোতাবেক যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করব। তিনি বলেন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সময় পুলিশের এক সোর্স নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে নাঈম হাসানকে মারধরের অভিযোগ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, তাকে অলরেডি আটক করা হয়েছে। আমি যেটা বলেছি, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম হাসানের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উনি আমাকে ঘটনাটা বলেছেন। আমি বলেছি, পুলিশের দিক থেকে প্রফেশনাল আচরণ হয়নি। তল্লাশিকালের আচরণের বিষয়ে পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মনিটরিংয়ের ব্যবস্থাও আছে। এর মধ্য থেকে কেউ কেউ হয়ত আনপ্রফেশনাল আচরণ করে। যারাই এরকম আচরণ করবে, তাদের দায় পুলিশ বাহিনী বহন করবে না।

ঘটনাস্থলে পুলিশের গাড়ি থাকার পরও টেক্সিতে কেন তোলার চেষ্টা হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, আমরা পুরো বিষয়টাই দেখব। যেটুকু অপরাধ থাকবে, সেটা সর্বোচ্চ অ্যাড্রেস করব। ছাড় দেয়া হবে না। দেশের প্রতিটি নাগরিকের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যেকোনো অন্যায় আচরণের ক্ষেত্রেই সব নাগরিকের জন্য একই ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ আনপ্রফেশনাল আচরণের কাউকে ছাড় দেবে না। কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ দায় দায়িত্ব নিবে না। এটা তাকেই নিতে হবে। নাঈম হাসানের সঙ্গে খুলশী থানার ওসির দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, আমরা সব বিষয়ে তদন্ত করব। একটা কমিটি করে দিয়েছি তিন সদস্যের। পুরো বিষয়টা এনকোয়ারি করা হবে। তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, করেছি। সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। যারা টিমে ছিল সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরেও কেন এ আচরণএমন প্রশ্নের উত্তরে শওকত আলী বলেন, প্রাথমিকভাবে যেটুকু জেনেছি, অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল। এটা পুলিশ অ্যাটেন্ড করবে। বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। কিন্তু সেখানে গিয়ে পুলিশ যেটা করেছে, সেটা প্রফেশনাল হয়নি। এটা প্রফেশনালি করা উচিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধসমর্থক ভাইয়েরা না থাকলে ঘটনাটি অন্যরকম হতো
পরবর্তী নিবন্ধপেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জেয়ারতে প্রধানমন্ত্রী